সনির ব্রাভিয়া স্মার্ট টিভি তৈরি হবে সিলেটে

২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:১৫  
ডিজিটাল বাংলাদেশ আজ স্বপ্ন নয়। বাস্তবাতা। একটি বিপ্লবের দর্শন। এই দর্শনের মাধ্যমে জল-স্থল ও অন্তরীক্ষে ছড়িয়ে গেছে বঙ্গবন্ধুর স্বপ্ন।
রবিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে র‌্যাংগস ইলেকট্রনিক্সের সঙ্গে চুক্তি অনুষ্ঠানে দেয়া প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় তিনি আরো বলেন, র‌্যাংগসের এই চুক্তির পর সিলেটে বিনিয়োগের ঢল নামবে। হাইটেক পার্ক থেকে ৪ হাজার কোটি টাকা আয় আসবে। র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান আক্তার হোসেনের বরাত দিয়ে প্রতিমন্ত্রী আরো জানান, সিলেটের এই হাইটেক পার্ক থেকে সনির সর্বশেষ মডেলের টিভি তৈরি করবে র‌্যাংগস। অনুষ্ঠানে আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব নিয়াজ মোহাম্মাদ জিয়াউল আলম, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান আক্তার হোসেন, র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে ইকরাম হোসেন, পরিচালক বিয়েনাস হোসেন এবং সিলেট হাইটেক পার্ক কর্তপক্ষের পরিচালক ব্যারিস্টার গোলাম সারোয়ার ভূঁইয়া মঞ্চে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি শাহীদ উল মুনির, বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিলেটের কোম্পানিগঞ্জে অবস্থিত হাইটেক পার্কে ৩২ একর জায়গা বরাদ্দ দেয়া হয় র‌্যাগস ইলেকট্রনিক্সকে।